নারায়ণগঞ্জে শামীম ওসমানের দেওয়া সাংবাদিকদের সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মুন্সীগঞ্জ প্রেসক্লাব ৩ দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।
সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৪টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে এক জরুরি সভায় এ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়।
আগে জরুরি সভায় জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার সব সাংবাদিক নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও গডফাদার শামীম ওসমানের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহমেদ দীপুর পরিচালনায় জরুরি সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোরশেদ, সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, বর্তমান কমিটির সহ-সভাপতি মো. মাহাবুবুর রহমান, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ খোকা, সাংস্কৃতিক সম্পাদক সুজন হায়দার জনি, ত্রাণ প্রচার ও কল্যাণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর প্রমুখ।
পরে জরুরি সভা শেষে কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মুন্সীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহমেদ দীপু তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে, মঙ্গলবার শামীম ওসমানের বিরুদ্ধে গণসাক্ষর, বুধবার মানববন্ধন এবং বৃহস্পতিবার প্রতিবাদ সভা।
ঢাকা,৩০ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর





