হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর এলাকার এক ভ্রাম্যমাণ ভাঙারি দোকানীর ভ্যানে পাওয়া গেল চলতি শিক্ষাবর্ষের ৭০ কেজি নতুন পাঠ্যবই।
গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে স্থানীয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলীকে খবর দিলে তিনি বইগুলো জব্দ করেন।
স্থানীয়রা বলেন, উপজেলার কদমতলী রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার ৭০ কেজি বই ভাঙারি ব্যবসায়ীর কাছে ২০ টাকা কেজি দরে এক হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। ওই ব্যবসায়ী বইগুলো নছরতরপুর মা ফিলিং স্টেশনের কাছে একটি পাইকারি ভাঙারি দোকানে বিক্রির জন্য নিয়ে গেলে স্থানীয়দের কাছে ধরা পড়ে।
শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী সংবাদ মাধ্যমকে জানান, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বই জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জানান, অভিযুক্ত প্রধান শিক্ষক আয়েশা আক্তার ও ভাঙারি ব্যবসায়ীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তবে সরকারি বই উদ্ধারের ঘটনায় মামলা হয়নি।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম জানান, খবর পেয়ে শিক্ষা অফিসার ও পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এবিএস





