ফেনীতে ভারতীয় ওষুধসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৬৭ হাজার ৭৭২ টাকা মূল্যের ওষুধ উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ছাগলনাইয়ার পূর্ব মধুগ্রাম এলাকার সিরাজুল হকের ছেলে মো. জাবেদ (২৯), আবুল বাশারের ছেলে ওমর ফারুক (৩০), দক্ষিণ মটুয়া এলাকার জয়নাল আবদীনের ছেলে মো. মাছুম (২২) ও নেত্রকোনা জেলার পূর্বধনা থানার মাছকামড়া এলাকার যদু মিয়ার ছেলে মো. লিটন (৩৪)।
পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকার মদিনা বাস কাউন্টারের সামনে গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় অভিযানে ১৫ হাজার ৬২০ টাকা মূল্যের ২২টি প্লাস্টিকের সাদা রংয়ের কোটায় রক্ষিত ডিএক্সএন এসপি রুলিনা, ১৮ হাজার ৪০ টাকা মূল্যের ৪৪টি প্লাস্টিকের সবুজ রংয়ের কোটায় রক্ষিত ডিএক্সএন ট্রিপালা ট্যাবলেট, ৬৯ হাজার ৩৬০ টাকা মূল্যের ৩৪টি প্লাস্টিকের সাদা রংয়ের কৌটায় রক্ষিত ডিএক্সএন এসপিরুলিনা ট্যাবলেট, ১১ হাজার ৬৭০ টাকা মূল্যের ৬টি প্লাস্টিকের সাদা রংয়ের কৌটায় রক্ষিত ডিএক্সএন এসপিরুলিনা ট্যাবলেট, ৪ হাজার ৭০০ টাকা মূল্যের ১০টি ঘিয়া রংয়ের প্লাস্টিকের সবুজ কর্কযুক্ত ডিএক্সএন এ্যালোব হ্যান্ড অ্যান্ড বডি লোশন, ৩৯ হাজার ৬০০ টাকা মূল্যের ৮৮টি সাদা রংয়ের প্যাকেটে মোড়ানো ডিএক্সএন টুথপেস্ট গ্র্যাঞ্জো প্লাস, ২ হাজার ৬৩২ হাজার টাকা মূল্যের ১৪টি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ডিএক্স গ্র্যাঞ্জো স্যোপ, ৬ হাজার ১৫০ টাকা মূল্যের ১৫টি সাদা রংয়ের প্লাস্টিকের প্যাকেটে ডিএক্সএন এ্যালোব ক্লিনিং উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
এবিএস





