চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের আটতলা থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) নগরের বাকলিয়া থানা এলাকায় কল্পলোক আবাসিকের ডি ব্লকের ২ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. ইসরাফিল (২০), ছাকিম আলী (২০) ও মো. রিপন (২০)। এ ঘটনায় নির্মাণাধীন ওই ভবনের মালিক মাহবুবুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা হচ্ছে।

পুলিশ জানায়, শ্রমিকরা নির্মাণাধীন ভবনটির আটতলায় মাচা তৈরি করে কাজ করছিলেন। হঠাৎ এটি ভেঙে তিন জনই পড়ে যান। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাকলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমিজ আহমদ গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ভবনের মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এবিএস