নরসিংদীর রায়পুরায় দুই যাত্রীবাহী বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছেন। হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন আরও ১০ জন।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাসের ছেলে সানন্দ দাস (৫৫) একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো রেনু মিয়া (৬৬)।

হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে রায়পুরার নীলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাসের চাকা পাংচার হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় কিশোরগঞ্জের ভৈরবমুখী একটি যাত্রীবাহী বাস বিআরটিসিকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা নরসিংদীর ইটাখোলাগামী একটি মাছ-ভর্তি একটি ট্রাক বাস দুটোকে ধাক্কা দেয়। এতে দুই বাস ও ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় আহত হন আরও ১০ জন।

এদিকে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, নিহতদের মরদেহ এখনও ভৈরব হাইওয়ে থানায় আছে। পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এবিএস