রাজশাহীতে একটি ওষুধ কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ভেতরে থাকা এসি ও ঔষধসহ অন্যান্য জিনিসপত্র। এদিকে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে নগরীর বিসিক এলাকার শাহী ল্যাবরেটরি ইউনানি ওষুধ কারখানায় এ অগ্নিকাণ্ড হয়।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম।

এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপক সামিউল হুদা বলেন, সোমবার দুপুরে হঠাৎ কারখানায় ইলেকট্রিক ভ্যাসেল থেকে আগুনের সূত্রপাত হয়। সেই সময়ই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তাদের ১টি ইউনিট আমাদের কারখানায় এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, এ ঘটনায় আমাদের ২ থেকে ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে। ভেতরে থাকা এসি ও ঔষধসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মত না পৌঁছালে ক্ষতির পরিমাণ আরও বেশি হতো।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, দুপুর তিনটার দিকে ফোন পেয়ে দ্রুত কারখানায় এসে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি।

তিনি বলেন, ইলেকট্রিক ভ্যাসেল থেকে আগুন লেগে তা চারপাশে ছড়িয়ে পড়ে। ধারণা করছি, কারখানার ২ থেকে ৩ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। তবে সময়মত না আসলে ক্ষতি বেশি হতে পারত।

এবিএস