আটক ওই ব্যক্তির নাম অনিক হাওলাদার। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার চুরির অভিযোগে তিনি ধরা পড়েছিলেন এবং স্থানীয়ভাবে বিষয়গুলো মীমাংসাও করা হয়েছিল।
ভোরে বামরাইল বাজারে চুরির অভিযোগে অনিককে আটক করে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন স্থানীয়রা। এ দৃশ্য দেখে তার ৯ বছরের মেয়ে বাবাকে বাঁচানোর জন্য কাঁদতে কাঁদতে ছুটে আসে এবং উপস্থিত লোকজনকে মারধর বন্ধ করার অনুরোধ করতে থাকে।
এরপর ঘটে যায় আরো এক হৃদয়স্পর্শী দৃশ্য। বাবার জন্য বাড়ি থেকে চা ও রুটি নিয়ে আসে মেয়েটি। চায়ের মধ্যে রুটি ভিজিয়ে বাবার মুখে তুলে দিতে থাকে এবং কাঁদতে কাঁদতে বলে, ‘দেখো বাবা, তোমার কিচ্ছু হবে না।’
বাবার শরীরের ব্যথার জায়গায় ছোট্ট হাত বুলিয়ে দিতে দিতে সে জানতে চায়, ‘বেশি ব্যথা পাইছো বাবা?’ চারপাশের উত্তেজনার মধ্যেও বাবা-মেয়ের এই দৃশ্য অনেককে কাঁদিয়েছে।
পরে মানবিকভাবে বিবেচনায় স্থানীয় সালিশের মাধ্যমে অনিককে ছেড়ে দেওয়া হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও দেখে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে স্থানীয়রা বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করে নিয়েছেন। এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেননি।
এস





