মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার বনপাড়া এলাকার মোল্লা হোটেলের কাছে মহাসড়কে এ ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, যশোরের বেনাপোল থেকে তরল নাইট্রোজেন নিয়ে ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বাইপাস এলাকায় মোল্লা হোটেলের সামনে পৌঁছানোর পর ট্রাকটির একটি অংশ বিকট শব্দে ছিদ্র হয়ে যায়। এরপর ওই অংশ দিয়ে তরল নাইট্রোজেন বের হতে থাকে।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, ট্রাকটিতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তরল নাইট্রোজেন ছিল। পরে পুরো নাইট্রোজেনই বের হয়ে যায়।
মোল্লা হোটেলের মালিক শাহেদ আলী মোল্লা বলেন, তরল নাইট্রোজেন বহনকারী ট্রাকটি হোটেলের সামনে দাঁড়ানোর পর হঠাৎ বিকট শব্দ হয়। কিছুক্ষণের মধ্যেই ঘন সাদা কুয়াশার মতো গ্যাস ছড়িয়ে পড়ে এবং প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকার পরিবেশ ঢেকে যায়।
তিনি জানান, আকস্মিক এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। নিরাপত্তার কথা বিবেচনা করে তারা দ্রুত ঘটনাস্থল থেকে দূরে সরে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে গত ২৫ জুলাই একই মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল।
এনএইচ