সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা উপলক্ষে আজ রোববার সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ইন্দো-বাংলা এক্সপোর্টার ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের এ তথ্য জানানো হয়।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকার পর শনিবার বন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়। লক্ষ্মীপূজায় আজ আবারও আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা উপ-পরিদর্শক স্বপন চন্দ্র দাস জানান, সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে।

এবিএস