মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর ইকোনোমিক জোনের সুপারডাইক উপকূলীয় অঞ্চলে নারী-পুরুষ শিশুসহ ১৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করেছে স্থানীয় বাসিন্দা ও আনসার সদস্যরা। পরে খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। শুক্রবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন জাফর আহম্মদের স্ত্রী হালিমা খাতুন (২৭), তার পুত্র মিজান (৮ মাস), মো. সালামের মেয়ে ফাতেমা (১৩), মো. আক্তারের মেয়ে মোস্তাকিমা (২০), আবু বক্করের স্ত্রী সানজিদা (২১), মো. মাহমুদের পুত্র আবু বক্কর (২৫), আবু বক্করের মেয়ে ইসমত আরা (৩), শওকত আরা (৫), আহমদ খানের পুত্র সালামত খান (২১), রশিদের পুত্র শওকত উল্যাহ (২২), শওকত উল্যাহ পুত্র ইমান শরীফ (৬ মাস), হাসান শরীফ (৬), মাহমুদের স্ত্রী দজুমা খাতুন (১৮), আবু শরীফের স্ত্রী শাহীনা (১৯), তার পুত্র আব্রাহাম খান জয় (১) ও সুলতান আহমদের পুত্র আরিফ উল্যাহ (২১)।
চট্টগ্রাম জেলা বিশেষ শাখার (ডিএসবি) এসআই তানভীর আহম্মেদ বলেন, শুক্রবার দুপুরে নোয়াখালীর ভাষানচর থেকে দালালকে টাকা দিয়ে ইঞ্জিনচালিত বোট যোগে কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য পালিয়ে আসছিল। কিন্তু দালালরা তাদেরকে মারধর করে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর ইকোনোমিক জোনের সুপারডাইক এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে তাদেরকে স্থানীয়দের সহযোগিতায় আটক করে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৬ জন শিশু রয়েছে।
জোরারগঞ্জ থানার উিউটি অফিসার এসআই শেখ আব্দুল বাতেন বলেন, বঙ্গবন্ধু শিল্পনগর এলাকায় আটককৃত রোহিঙ্গাদের থানায় নিয়ে আসা হয়েছে। এরপর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিএস





