সোমবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অপর ব্যক্তি একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি মামলার কাজে সকালে দুই বোন কক্সবাজার আদালতে গিয়েছিলেন। আদালতের কার্যক্রম শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা। পথে খুনিয়াপালংয়ের স্কুলপাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রুবিনা আক্তার ও শাহিনা আক্তারের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার সময় চালকসহ অটোরিকশাটিতে মোট ছয়জন আরোহী ছিলেন।

প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান বলেন, সন্তানদের নিয়ে কোচিংয়ে যাওয়ার পথে তার চোখের সামনে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

এস