লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাফিজিয়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে কাভার্ডভ্যান চাপায় দুজন নিহত ও এক নারী-শিশুসহ তিনজন আহত হয়েছেন।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। এ সময় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত ব্যক্তিরা হলেন- কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের তছলিম ব্যাপারী বাড়ির মো. সেলিমের ছেলে আরিফ হোসেন বাবু (১৮) ও একই বাড়ির মৃত হাফিজ উল্যার ছেলে জাকির হোসেন বটু (২৩)। এদের জাকির দুর্ঘটনাকবলিত অটোরিকশাটির চালক ছিলেন। আহত ব্যক্তিরা হলেন- একই বাড়ির স্বপ্না আক্তার (২২), মেয়ে মিম (৩) ও সুমন (২৫)। হতাহতরা সম্পর্কে আত্মীয়-স্বজন।

জানা গেছে, কমলনগর উপজেলার হাজিরহাট থেকে লক্ষ্মীপুর শহরের দিকে আসছিল একটি কাভার্ডভ্যান। এ সময় পথে কমলনগরে ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন হাফিজিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী আরিফ ও চালক জাকিরের মৃত্যু হয় ও আহত হন নারী ও শিশুসহ তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় সেখানে অবস্থা গুরুতর হওয়ায় স্বপ্নাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চালক গাড়ি রেখে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

এবিএস