সর্বশেষ ১৯০টি কেন্দ্রের বেসরকারিভাবে পাওয়া ফলাফলে দেখা গেছে- আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন প্রায় ১ লাখ১৮ হাজার ৬১৪ ভোট। প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী পেয়েছেন ৫০ হাজার ৩২১ ভোট। ৬৮ হাজার ২৯৩ ভোট বেশি পেয়ে আনোয়ারুজ্জামানই সিলেটের নতুন মেয়র নির্বাচিত।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নগরবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি নগরের মেয়র নয়, সেবক হিসেবে কাজ করবেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সকাল থেকেই ইভিএমে ধীরগতির কথা জানান ভোটাররা। তবে প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নারী ভোটাররা ইভিএমে ভোট দিতে বিলম্ব করেন। বয়স্কদের আরও বেশি সময় লাগছে।
এদিকে সিসি ক্যামেরায় মনিটরিং এর মাধ্যমে সব কেন্দ্রের ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন (ইসি)।
সিলেট সিটিতে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৬২৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ২৩৬ জন। নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন। আর ছয়জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার।
নির্বাচনে মেয়র পদে আটজন, ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৯৪ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মেয়র প্রার্থীরা হলেন জাতীয় পার্টির নজরুল ইসলাম, আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাকের পার্টির জরিহুল আলম, স্বতন্ত্র আব্দুল হানিফ, ছালাহ উদ্দিন রিমন, শাহ জাহান মিয়া এবং মোশতাক আহমেদ রউফ মোস্তফা। বরিশাল সিটি নির্বাচনে দলের মেয়রপ্রার্থীর ওপর হামলার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান সিলেটের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এমআই





