জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে 'শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক মতবিনিময় সভা। রোববার বিকেলে জয়পুরহাট সার্কিট হাউজ সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল নাঈমের সঞ্চালনায়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন। স্বাগত বক্তব্য দেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. আনোয়ার পারভেজ। আরও বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি প্রমুখ।
বক্তারা বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য জন সচেতনতার বিকল্প নেই। এজন্য বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রচারের ব্যবস্থা করতে হবে। বায়স্কোপ, পথ নাটক, উঠান বৈঠক ও লিফলেট বিতরণসহ সকল ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে আলোকপাতের পদক্ষেপ নিতে হবে। কেননা, জনগণ সচেতন হলে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে শব্দ দূষণ অনেকাংশেই কমে যাবে। সর্বোপরি আইনের যথাযথ প্রয়োগ কার্যকর করা গেলে শব্দ দূষণ মুক্ত হবে পরিবেশ।
পরিবেশ অধিদফতরের পরিচালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সারাদেশের শব্দ দূষণের ওপর জরিপ করছে ইকিউএমএস কনসালটিং লিমিটেড এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যায়ণ কেন্দ্র (ক্যাপস)। তারই অংশ হিসেবে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যায়ন কেন্দ্র (ক্যাপস) এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদারের নেতৃত্বে পরিচালিত টিম জয়পুরহাট শহরে শব্দদূষণের মাত্রা জানতে ৫ স্থানের সাউন্ড লেভেল মিটার স্থাপন করে। এ মেশিনটি প্রতি এক মিনিট পরপর তথ্য দেবে। যার মাধ্যমে ২৪ ঘণ্টার শব্দদূষণের মাত্রা জানা যাবে।





