সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা বাজার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আদম আলী ষাটগাছা গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ওই ওয়ার্ড থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নির্বাচিত হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে একদন্ত হাট থেকে বাজার করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চণ্ডীপাশা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে তদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের হাচেন আলীর বাঁশঝাড় থেকে তমা খাতুন নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। গলায় গামছা প্যাঁচানো অবস্থায় লাশটি পড়ে ছিল। তমাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলায় আদম আলীকে প্রধান আসামি করা হয়। এরপর থেকেই তিনি ওই মামলার কারণে আলোচনায় ছিলেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আদম আলীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এস