শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার গ্রামের বাতানখালি এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুরে হঠাৎ লোকালয়ে হরিণটিকে দেখতে পান স্থানীয়রা। বেশ কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরি করেও বনের দিকে না যাওয়ায় স্থানীয় লোকজন মিলে সেটিকে আটক করে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের লোকজন গিয়ে অক্ষত অবস্থায় তাদের কাছ থেকে হরিণটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে- গত কয়েকদিন ধরেই মেঘনা নদীর পানি কিছুটা বৃদ্ধি থাকায় উপজেলার আশপাশের সংরক্ষিত বন থেকে জোয়ারের পানিতে ভেসে এসে লোকালয়ে আটকা পড়ে হরিণটি।
বিষয়টি নিশ্চিত করে মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, খবর পাওয়ার পরপরই হরিণটিকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে আমাদের পচাকোড়ালিয়া বিটের সদস্যরা গিয়েছে।
মনপুরা বন বিভাগের পচাকোড়ালিয়া বিট কর্মকর্তা সজিব সরকার বলেন, এটি একটি প্রাপ্তবয়স্ক হরিণী। ঘটনাস্থল থেকে উদ্ধারের পর আমরা পর্যবেক্ষণ করে দেখেছি এটি সুস্থ অবস্থায় রয়েছে। ফলে বিকেল নাগাদ মনপুরার চরপাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করব এবং কার্যক্রম চলমান রয়েছে।
এস