সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। এ সময় পৃথক উপজেলা গঠনের প্রয়োজনীয়তা, যৌক্তিকতা ও গুরুত্ব তুলে ধরেন তিনি।

সাক্ষাৎকালে চর ও দিয়াড় অঞ্চলের সাতটি ইউনিয়নের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগব্যবস্থা এবং প্রশাসনিক সেবা পাওয়ার বাস্তব চিত্র তুলে ধরে এলাকাটিতে পৃথক উপজেলা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন বুলবুল।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক নির্বাচনী সমাবেশে নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের চর ও দিয়াড় অঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুলবুলের মতে, পৃথক উপজেলা গঠিত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ভোগান্তি অনেকাংশে কমবে। প্রশাসনিক সেবা মানুষের আরও কাছে পৌঁছাবে। পাশাপাশি শিক্ষা, আধুনিক চিকিৎসা, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া সহজ হবে।

তিনি আরও বলেন, পৃথক উপজেলা প্রতিষ্ঠিত হলে কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।

চর ও দিয়াড় অঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাবটি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে অনুরোধ জানান সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

প্রস্তাবটির গুরুত্ব বিবেচনার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে নির্দেশ দেন বলে জানানো হয়েছে।

এস