বুধবার (৭ অক্টোবর) দুপুরে কিট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে প্রত্যেককে নিজের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকেও সবাইকে নজর দিতে হবে।
নূরুল ইসলাম বুলবুল বলেন, সদর হাসপাতালে চিকিৎসক সংকটসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে তিনি কাজ করছেন এবং দ্রুত সেগুলো সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমান বলেন, কিছুদিন আগে স্থানীয় সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শনে এসে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন। সে সময় তিনি ডেঙ্গু শনাক্তকরণ কিটসহ বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দিয়েছিলেন।
তিনি জানান, সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বুধবার হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দেওয়া হয়েছে। এসব কিট দিয়ে আগামী তিন থেকে চার মাসের প্রয়োজন মেটানো সম্ভব হবে বলে আশা করছেন তারা।
কিট প্রদান অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক এমপি লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা সেক্রেটারি আবু বকরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস











