ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় মো. সাকিব মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সাকিব জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুঠিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
আজ শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার তন্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়ামুখী মোটরসাইকেলটির বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সাকিব মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
এবিএস





