টাঙ্গাইলের সখীপুরে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কায় চালক শাহীন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সখীপুর-সাগরদীঘি সড়কের সাবেদের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহীনের বাড়ি সখীপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে। আহত ছানোয়ারের বাড়িও একই এলাকায়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে সখীপুরগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক শাহীনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ছানোয়ারকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়া হয়েছে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। লাশ থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এবিএস