জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির পর এবার বাস ভাড়া বাড়ানো হলো। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা করা হয়েছে। আর নগর-মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে জনপ্রতি ২ টাকা ১৫ পয়সা থেকে ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে।

গতকাল শনিবার রাজধানীর বনানীতে বিআরটিএর কার্যালয়ে সংশ্লিষ্টদের সাথে বাস ভাড়া পুনর্নির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। বৈঠকে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহসহ অংশীজনরা উপস্থিত ছিলেন।

বিকেল ৫টায় শুরু হওয়া এ বৈঠক চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। পরে বৈঠকের সিদ্ধান্ত জানাতে ব্রিফিংয়ে আসেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এবং বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে আমরা বাস ভাড়া পুনর্নির্ধারণী বৈঠক করেছি। পাশাপাশি আমদানি ব্যয় বাড়ায় বাসের বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণেও বাস মালিকদের কিছু দাবি ছিল। বৈঠকে সবার আলোচনা পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, এখন থেকে মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২.৫০ মিনিবাসে ২.৪০ ভাড়া হবে। দূরপাল্লার বাসে ভাড়া হবে কিলোমিটার প্রতি ২.২০ পয়সা। আগে ভাড়া ছিল মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২.১৫ মিনিবাসে ২.১০ টাকা। দূরপাল্লার বাসে ভাড়া কিলোমিটার প্রতি ১.৮০ টাকা ছিল। সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা।

এবিএস