পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে জুলকার নাইম নিলয় (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি পাকশী নর্থবেঙ্গল পেপার মিলস হাইস্কুলের ছাত্র ছিল।

গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ-সংলগ্ন পদ্মা নদীর বালুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিলয় ঈশ্বরদীর পাকশী রেলওয়ে হাসপাতাল কলোনি এলাকার মো. আসাদুল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শী বালুঘাট শ্রমিক আনিসুর রহমান বলেন, দুপুরে ৪ বন্ধুর সঙ্গে গোসল করতে নামে নিলয়। বন্ধুদের সঙ্গে নদীর মাঝে এক চর থেকে সাঁতার কেটে আরেক চরে যাচ্ছিল। হঠাৎ পানির স্রোতে নিলয় তলিয়ে যায়। খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পাকশী নর্থবেঙ্গল পেপার মিলস হাইস্কুলের প্রধান শিক্ষক ফজলুল হক বলেন, জুলকার নাইম নিলয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। নিলয় প্রায় নদীতে গোসল করতো। বুধবার দুপুরে গোসল করতে গিয়ে সে ডুবে মারা গেছে। তার মৃত্যুর খবরে শিক্ষক ও শিক্ষার্থীরা মর্মাহত।

পাকশী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাঁচ সদস্য উদ্ধার অভিযানে যোগ দেন। বিকেলে নিলয়ের মরদেহ উদ্ধার করা হয়।

এবিএস