গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় আজাদুল হক (৪৫) নামে এক পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

আজ রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

আজাদুল হক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের আরব আলীর ছেলে।

কারখানার শ্রমিক ও পুলিশ সদস্যরা বলেন, সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার নিজ নিজ কারখানায় কাজে যাচ্ছিলেন। এ সময় নিরাপত্তাকর্মী আজাদুল হক সড়ক পারাপার করতে গেলে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় আরও তিন শ্রমিক আহত হয়েছেন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

এরপর উত্তেজিত শ্রমিকেরা চাপা দেওয়া ট্রাকটি আটকে তাতে আগুন দেন। পরে তারা মহাসড়ক অবরোধ করেন।

কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, সকালে ট্রাকচাপায় কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন। ঘটনার পরপরই ট্রাকে আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা। পরে ট্রাকটি জব্দ করা হয়।

এবিএস