সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে নিহত নয়জনের দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের বাড়িতে চলছে শোক। দুটি গ্রামের প্রতিটি ঘরেই যেন বিরাজ করছে শোকের ছায়া।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শিবপুরে পাঁচজন ও মাটিকোড়ায় চারজনের দাফন সম্পন্ন হয়।

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিবপুর গ্রামে গিয়ে দেখা যায় কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন বজ্রপাতে নিহত শমসের আলীর স্ত্রী শান্তি খাতুন। বজ্রপাতে শুধু স্বামীই নয় ছেলে শাহীন, মেয়ের জামাই মোকাম হোসেন, নাতি মোন্নাফ হোসেন ও দেবর আফসার আলীকেও হারিয়েছেন তিনি।

অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন এই বৃদ্ধার অন্য সন্তান। একই পরিবারের পাঁচজন নিহত হওয়ায় হৃদয় বিদারক ঘটনায় নির্বাক শিবপুর গ্রামবাসীও। গ্রামজুড়ে বিরাজ করছে শোকের ছায়া।

একই অবস্থা মাটিকোড়া গ্রামেও, এই গ্রামেরও দুই শিশুসহ চারজন নিহত হয়েছে বজ্রপাতে। নিহতদের দাফন করা হয়েছে রাতেই। তাদের বাড়িতে বাড়িতে চলছে শোক। এই গ্রামের নিহতরা হলো, আব্দুল কুদ্দুস, শাহ আলম, রিতু খাতুন ও জান্নাতী খাতুন।

এদিকে দুটি গ্রাম পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তাও করেছেন তিনি। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করা হয়েছে।

এবিএস