শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই। আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না, এমন পরিকল্পনা গ্রহণ করতে চাই যেটি বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।”

খাল পুনঃখনন কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রায় ৪৮ বছর আগে জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন। দীর্ঘদিন পর সেই খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “খাল খনন না করলে কৃষকরা পানি পাবে না। ঠিক একইভাবে আমরা যদি হাতে হাত মিলিয়ে কাজ করি, বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত একসঙ্গে কাজ করলে বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।”

বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, “বিএনপির শক্তির উৎস বাংলাদেশের জনগণ। জনগণ যতদিন পাশে থাকবে, ততদিন দেশ গড়ার কাজ চলবে।”

দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের শপথ হোক—আমরা করবো কাজ, সবার আগে বাংলাদেশ।”

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন করেন, “আপনারা আছেন নাকি আমার সঙ্গে দেশ গড়ার কাজে?” এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা হাত নেড়ে সমর্থন জানান।

এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি কোদাল দিয়ে মাটি কেটে খননকাজের সূচনা করেন এবং খালের তীরে বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাদুল হাবিব দুলু, মোমিনুল হক, সলিম উল্যা সেলিম, আয়াত আলী ভূঁইয়া এবং আবু ইউসুফ রুপম।

এস