উদ্বোধনী অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানেরে একক দায়িত্ব নয়; এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়িঘর, অফিস-আদালত, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বাউফল উপজেলা আমির মাওলানা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করে ডেঙ্গু আক্রান্ত রোগীদের আন্তরিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এসময় দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে বলেন, হাসপাতাল চিকিৎসা ও মানবসেবার স্থান। রোগী, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো অভিযোগ বা বিরোধ থাকলে তা আইনগত ও শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়ে তিনি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এমএম