মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার কবিরাজহাট পাঁচপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রাম এলাকার নাজমুল ইসলামের স্ত্রী ফা‌হিমা আক্তার ও ছেলে মো. আব্দুল্লাহ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সকা‌লে নাজমুল ইসলাম স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের গড়েয়া এলাকায় চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট পাঁচপীর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা এক অজ্ঞাতনামা পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই নাজমুল ইসলামের স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত নাজমুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ এসে‌ছে। এ বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এনএইচ