নোয়াখালীর সোনাইমুড়ীতে এলডিপি কর্মী মো.ফরহাদ হোসেনের ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও তার মাকে মারধরের অভিযোগ উঠেছে। ভাংচুরের পর ফরহাদকে গুম করে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। জাতীয় নির্বাচনের পরদিন এমন ঘটনার নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিন পার করছেন ফরহাদের পরিবার।
ফরহাদের মা আয়েশা বেগম অভিযোগ করে বলেন, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দেউটি ইউনিয়নের আমিরাবাদ এলাকার চুনিপাটোয়ারী বাড়িতে আসেন মুশফিক ও মঞ্জুসহ বেশ কয়েকজন যুবক। তারা এসেই ঘরবাড়ি ভাংচুর করেন, পরে বাধা দিতে গেলে আমার উপর হামলা করে। এক পর্যায়ে প্রতিবেশীরা আসে আমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে।
মুশফিক ও মঞ্জু যাওয়ার আগে বাড়ির উঠানে দাঁড়িয়ে ফরহাদকে পেলে গুম করে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেন পঞ্চাশোর্ধ আয়েশা বেগম। তিনি অভিযোগ করে আরও বলেন, মুশফিক ও মঞ্জু ইতিপূর্বে আওয়ামী লীগের রাজনীতি করত, কিন্তু নির্বাচনের আগেই তারা বিএনপির সঙ্গে আঁতাত করে টাকা ও ক্ষমতার অপব্যবহার করে শক্তি প্রদর্শন করতে থাকে। ভোটার ফলাফল প্রকাশের পরপরই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আমরা কার কাছে বিচার চাইবো? - প্রশ্ন রাখনে আয়েশা বেগম। এ ঘটনায় পুরো পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বলেন, ঘটনাটি সম্পর্কে অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মুশফিক ও মঞ্জুরের বক্তব্য পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।