শনিবার (১৮ জুলাই) দুপুরে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

হামলায় আহত হয়েছেন, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন। গুরুতর আহত ওসি মোজাফফর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি করা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (১৫ জুলাই) গভীর রাতে বিশ্বকাপ ফুটবল ঘিরে জনসমাগমের সুযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে—এমন তথ্যের ভিত্তিতে পৌরসভাধীন মথুরাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় কয়েকজনকে আটক করা হলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে কয়েকশ কর্মী-সমর্থক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেয়।

এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের কাজে বাধা, হামলা ও নাশকতার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এক মহিলাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এ কারণে এখনই নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বিকেলে আদালতে পাঠানো হবে। এরপর বিস্তারিত তথ্য জানানো হবে।

এস