উত্তরের জনপদ দিনাজপুরের হিলিতে প্রতিনিয়ত তাপমাত্রা কমছে। সেই সঙ্গে প্রতিদিন মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে জনপদ। কুয়াশার কারণে সকালেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয় যানবাহনকে।১০টার পর সূর্যের দেখা মিললেও নেই প্রখরতা।

এই সময়টাতে লোকজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। ঘন কুয়াশার পাশাপাশি কনকনে ঠাণ্ডাও জেঁকে বসতে শুরু করেছে। কৃষিজীবী নিম্ন আয়ের মানুষের কাজে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে।

হিলির চন্ডিপুর গ্রামের ইজিবাইক চালক মিনহাজুল ইসলাম জানান, প্রতিদিন সকালে ইজিবাইক নিয়ে কাজে বের হই। গত কয়েকদিন ধরে সকালে যাত্রীদের উপস্থিতি একেবারেই কম। শীতের কারণে মানুষজন বাড়ি থেকে বের হচ্ছেন না। আমিও যে ইজিবাইক চালাচ্ছি তাতে প্রচণ্ড ঠাণ্ডায় হাত-পা জড়ো হয়ে যাচ্ছে। এখন আগের থেকে ইনকামও কম হচ্ছে।

দিনাজপুর জেলা আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ সকাল থেকেই ঘন কুয়াশা ছিল। এই তাপমাত্রা ক্রমান্বয়ে কমে যেতে পারে এবং এই মাসেই একটি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে একটি হালকা বৃষ্টিপাতও হতে পারে। শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এবিএস