পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদেশের এটিই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
আজ বুধবার (২৯ জুন) সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (২৮ জুন) সকাল ৬টা থেকে বুধবার (২৯ জুন) সকাল ৬টা পর্যন্ত ওই বৃষ্টিপাত হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত জেলার তেঁতুলিয়ায় ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশপাশি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, আজ বুধবার ভোর ৬টা পর্যন্ত জেলায় ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ পরিমাণ বৃষ্টিপাত দেশের সর্বোচ্চ।
তিনি আরও বলেন, বঙ্গোপসাগরের ওপরে জমে থাকা মেঘ দেশের উত্তরবঙ্গে ছড়িয়ে পড়ে হিমালয়ের কাছাকাছি এসে ভারী বৃষ্টিতে রূপ নিয়েছে। এ কারণে এই বৃষ্টিপাত ভারত থেকে পঞ্চগড় জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। জেলায় আরও তিনদিন ভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।
এবিএস





