নিহতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার কাচিচর এলাকার নুর ইসলামের ছেলে খালিদ (২১) ও আফছারের ছেলে ফারুক (২৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে খালিদ ও ফারুক মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। ধরলা সেতুর ওপর পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রংপুরে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। এখনো বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস