গাজীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পোশাক কর্মীসহ দুই পথচারী নিহত হয়েছেন।

গতকাল সোমবার (৩০ জানুয়ারি) রাতে ঢাকা-টাঙ্গাইল সড়কে ও শহরের রাজবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আল ইমরান (২৩)। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা এলাকার ইদ্রিস আলীর ছেলে।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান জানান, গাজীপুরে ভাড়া বাসায় থেকে মহানগরের নাওজোর এলাকার পলমল পোশাককারখানায় অপারেটর পদে চাকরি করতেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কারখানা ছুটির পর বাড়ি ফিরছিলেন ইমরান। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় চান্দনা চৌরাস্তা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এদিকে একই রাতে শহরের জোরপুকুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ২৫ বছর বয়সের এক যুবক গাড়ির ধাক্কায় আহত হন। তাকে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ উভয় ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।

এবিএস