হাইকোর্টের ৪৫ জন জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি অকেজো করে রেখেছেন বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
বুধবার আইজীবী সমিতির শামসুল হক চৌধুরী হলে হাইকোর্ট বিভাগে আগাম জামিন সম্পর্কে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে বলা হয়েছে, আপিল বিভাগের ক্ষমতা কতটুকু, হাইকোর্ট বিভাগের ক্ষমতা কতটুকু? আপনি আপিল বিভাগ থেকে ৪৯৮ ফৌজদারি কার্যবিধিতে হাই কোর্টের অন্তর্নিহিত ক্ষমতাকে গাইড লাইন দিবেন, এটা আইনের বিধান না। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অবশ্যই স্বাধীনভাবে বিচার কাজ করতে দিতে হবে। গাইডলাইন দিয়ে হবে না‘
তিনি বলেন, আজকে প্রধান বিচারপতি, ৪৫জন জ্যেষ্ঠ বিচারককে আপনি অকেজো করে রেখেছেন। তাদেরকে যে বেঞ্চ দেয়া হয়েছে, সেগুলোতে মামলা না থাকার কারণে অকেজো হয়ে যাচ্ছে। আজকে যারা ফৌজদারি আইনে দক্ষ, অভিজ্ঞ এবং তড়িৎ ফৌজদারি মামলা নিষ্পত্তি করতে পারেন, তাদেরকে আপনি বাদ দিয়েছেন। এর রহস্য কি? এর রহস্য প্রকাশ হয়ে যাবে।’
খন্দকার মাহবুব হোসেন বলেন, আগাম জামিন শুধু আইনজীবীদের স্বার্থে নয়, এটা দেশের আইনের শাসন রক্ষার ক্ষেত্রে দরকার। আপনারা (আইনজীবী) জানেন, আজ সারা বাংলাদেশে বিরোধী দলকে (বিএনপি-জামায়াত) খতম করতে হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। সাধারণ মানুষকে হয়রানি করতে মামলা হচ্ছে। সেই কারণেই হাইকোর্টে আগাম জামিনের জন্য আসতে হয়।’
জামিন প্রত্যাশিদের হয়ে খালেদার এই উপদেষ্টা বলেন, ‘কেননা ওখানে গ্রেফতার বাণিজ্য হয়, পুলিশের কাছে গেলে পয়সা দিতে হয়। নিম্নআদালতে সেখানে রাজনৈতিক প্রভাব থাকে। তা থেকে সাময়িকভাবে মুক্তি পেতে আমরা হাইকোর্টে আসি। আমরা শখ করে হাইকোর্টে আসি না। সেই সদূর কক্সবাজার ও পাথরঘাটা থেকে হাইকোর্টে আসা সহজ ব্যাপার না। আসি মান-ইজ্জত রক্ষা ও ন্যায় বিচার পেতে।’
খন্দকার মাহবুব অভিযোগ করে বলেন, ‘আজকে শামসুদ্দিন মানিক সাহেব (বিচারপতি) খন্দকার মোশাররফের আগাম জামিন থাকবে কি-না, সেই বিষয়টি নিষ্পত্তি না করে সব আগাম জামিনের রিবুদ্ধে একটি রায় দিয়ে দিলেন। বললেন- রাজনৈতিক উদ্দেশ্যে মামলা হলে আগাম জামিন পাওয়া যাবে না। পাওয়া যাবে কোনক্ষেত্রে? আগাম জামিনের জন্য মানুষ আসে, যখন রাজনৈতিক হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা থাকে। নিম্ন আদালত যখন রাজনেতিক প্রভাবে বা অন্য কোন কারণে যখন স্বাধীনভাবে বিচার করতে পারে না, তখন মানুষ আগাম জামিনের জন্য আসে।
আগাম জামিনের জন্য আইনজীবীদের পক্ষে অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনাদের দাবি আদায়ে আমরা প্রধান বিচারপতির কাছে যাবো। তিনি যদি একমত না হন, তাহলে আমরা এসে আপনাদের মতামত নিয়ে পরবর্তী কর্মসূচি দিবো।’
অনুষ্ঠানে খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবু উদ্দিন খোকনের পরিচালনায় সমিতির অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
[b]ঢাকা, একেএ, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]
অপরাধ
হাইকোর্টের ৪৫ বিচারপতি অকেজো: খন্দকার মাহবুব
হাইকোর্টের ৪৫ জন জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি অকেজো করে রেখেছেন বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন





