রাজধানীর যাত্রাবাড়ী এক ক্যাবল ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম মজিবুর রহমান (৫৫) বলে জানা গেছে। তিনি মাতুয়াইলের ছাগলের হাট সংলগ্ন মৃধা বাড়ির হাজী সোহরাবের ছেলে।
আজিজ ক্যাবল নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং তিনি মাতুয়াইলে দু’টি বাড়ির মালিক।
মঙ্গলবার ভোর ৪টার সময় নিজের বাড়ির নিচ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে ৬টার দিকে মৃত বলে ঘোষণা করা হয়।
মজিবুরের ভাই সাজু জানান, সকালে মজিবুরকে বাসার নিচে অচেতন অবস্থায় পাওয়া যায়। এসময় তার ঘাড় ও হাতে আঘাতের চিহ্ন দেখা যায়। তৎক্ষণাৎ উদ্ধার করে তাকে ঢামেকে নিয়ে আসেন স্ত্রী শাহিদা ও সাজুসহ অন্যরা।
কিন্তু ভোর ৬টার দিকে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক মজিবুরকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃতদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
কী কারণে মজিবুরের মৃত্যু হয়েছে তা তৎক্ষণাৎ বোঝা না গেলেও সাজু বলছেন, বাড়ির দারোয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে পাওয়া গেলে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে বোঝা যাবে।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর বিষয়টি নিশ্চিত করেছেন।
এআই/





