কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ (আউট অব লিস্ট) দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন।
পরে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের জানান, আদালত বলেছেন তনু হত্যার বিষয়ে দায়ের করা মামলার তদন্ত চলমান। তাই রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হলো।
হাইকোর্টের অন্য বেঞ্চে এই রিট আবেদনটি পুনরায় উপস্থাপন করা হবে বলেও জানান এই আইনজীবী।
এর আগে গত ৪ এপ্রিল তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
আবেদনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি হত্যাকারীদের গ্রেফতারে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না— এই মর্মে রুল জারির আর্জি জানানোর পাশাপাশি ৩০ লাখ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল।
এসএম





