রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকায় দুই শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। শিশু দুটি সম্পর্কে খালাত বোন। দুজনেরই বয়স ১০ ও ১১ বছর। শনিবার রাতের দিকে ঘটনাটি ঘটেছে বলে জানান যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এসআই) মোঃ মুজাহিদ।

তিনি জানান, ধর্ষণের শিকার শিশু দুটির বাসা শহীদ ফারুক সড়কে।

এসআই মুজাহিদ আরো জানান, শনিবার রাতে দুই শিশু একসাথে মীরহাজীরবাগ মাইকওয়ালা গলিতে হাঁটতে বের হয়। পরে একই এলাকার রাব্বী, রিফাতসহ ৪ যুবক তাদেরকে একটি নির্মাণাধীন ভবনে ডেকে নিয়ে যায় এবং জোর করে ধর্ষণ করে।

পরে নির্মাণাধীন ভবন থেকে চিৎকার শুনে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে এবং যাত্রাবাড়ী থানায় নিয়ে যায়। সেখান থেকে পরীক্ষার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
এসআই মুজাহিদ আরো জানান, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শিশু দুটি ঢামেক হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে বলেও জানান তিনি।

জারিফ