পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে ফায়জুল্লাহ ফাহিমের ‘হত্যার’ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।
সোমবার এ নোটিশ দেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।
এতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, মাদারীপুরের পুলিশ সুপার, মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নোটিশ প্রাপ্তির ১৫দিনের মধ্যে ফাহিমের ‘হত্যার’ ঘটনা উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনে দাবি জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার ঘটনায় জনতার হাতে আটক হন ফাহিম। পরদিন শুক্রবার ফাহিমকে ১০দিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত। রিমান্ডে থাকা অবস্থায় পরদিন শনিবার ভোরে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত হন ফাহিম।
এ নিহতের ঘটনায় নাটকীয়তা ও রহস্য রয়েছে। কারণ গণমাধ্যমের প্রতিবেদনে ওই ‘বন্দুকযুদ্ধে’ ফাহিম ব্যতিত অন্য কোনো দুস্কৃতিকারী বা পুলিশ সদস্য সরাসরি আহত বা নিহত হয়নি।
যে এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে, সেখানকার এলাকাবাসী কোনো গুলাগুলির শব্দ শুনতে পায়নি। তাই ওই ঘটনায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ‘বন্দুকযুদ্ধে’ আসামি নিহতের ঘটনায় মানবাধিকার লঙ্ঘন।
এমআইএস





