সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক ও এসআই হেকমত আলীর বিরুদ্ধে মানহানি মামলা করেছেন অ্যাডভোকেট শহিদুর রহমান মামুন। সাংবাদিক ও আইনজীবীদের নিয়ে কটূক্তি করার অভিযোগে মাদারীপুর চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ কোটি টাকার এ মানহানি মামলা করা হয়।

আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস বুধবার দুপুর ২টার দিকে মামলাটি আমলে নিয়ে নথিভুক্ত করেন।

মামলার বিবরণে জানা গেছে, ৪ জুলাই সাতক্ষীরা সদর থানার তদন্তাধীন একটি মামলায় বাদী-বিবাদীদের নিয়ে থানা চত্বরে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সাতক্ষীরার স্থানীয় ‘দৈনিক নওপাড়ার খবর’পত্রিকার সদর প্রতিনিধি সেলিম হোসেনকে উদ্দেশ করে ওসি এনামুল হক ও এসআই হেকমত আলী আপত্তিকর মন্তব্য করেন।

বৈঠকে উপস্থিত আইনজীবী আবুল কালামসহ শতাধিক মানুষ বিষয়টি নিয়ে সমালোচনা করেন। পরে আইনজীবীদের নিয়েও বিরূপ মন্তব্য করেন ওই ওসি ও এসআই। বিষয়টি পরের দিন দৈনিক কালের কণ্ঠসহ বেশ কিছু জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।

এই ঘটনায় মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সহসম্পাদক অ্যাডভোকেট শহিদুর রহমান মামুন মানহানি মামলা করেন। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস আমলে নিয়ে নথিভুক্ত করেন।

মামলার বাদী অ্যাডভোকেট শহিদুর রহমান মামুন জানান, মহৎ পেশা হিসেবে সাংবাদিক ও আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্যকারী বিবাদীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ