অবকাশকালীন ছুটি শেষে সোমবার খুলছে সুপ্রিমকোর্ট। খোলার পরপরই বিভিন্ন মামলায় বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টদের পদচারণায় মুখরিত হবে সর্বোচ্চ আদালত প্রাঙ্গণ।
আদালত সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের শুনানি এবং সুপ্রিমকোর্টের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের রায়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে।
এ ছাড়া পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় থাকা সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের ৭টি এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ১৬১টি মামলার পুনঃশুনানি হবার কথা রয়েছে। আদালত খোলার পরপরই মামলাগুলো নিয়ে শুরু হবে কর্মচাঞ্চল্য।
সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি ও কোর্টের অবকাশের ফলে সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম ১৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত বন্ধ ছিল।
এর মধ্যে গত ১৭ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বেশ কয়েকটি অবকাশকালীন বেঞ্চ ও আপিলে চেম্বার কোর্ট বিচারিক কার্যক্রম পরিচালনা করেছেন।
উল্লেখ্য, হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা সংক্রান্ত বিষয়ে আনা একটি রিট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তার বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আনা পৃথক আবেদন নিয়মিত বেঞ্চে শুনানির আদেশ দেন।
এছাড়াও অবকাশকালীন বেঞ্চে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আদেশ দেয়া হয়েছে। অবকাশ শেষে সোমবার থেকে শুরু হবে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম।
এসএম





