বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইন্সপেক্টর মাহফুজুর রহমান দম্পতি হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী ও তার দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত অন্যরা হলেন- ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনি (২৭) ও মিজানুর রহমান রনি (২৫)।
মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক অভিযোগ গঠন করেন। আগামী ৫ জুন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে। এ ছাড়া, একই মামলায় অপর আসামি গৃহকর্মী সুমী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে আগামী ২০ মে কিশোর অপরাধ আদালতে অভিযোগ গঠনের শুনানি হবে। শুনানি চলাকালে আসামিদের আদালতে হাজির করা হয়েছিল।
এর আগে গত ৯ মার্চ ঐশীকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবুল খায়ের মাতব্বর ঢাকা মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহার আদালতেএই চার্জশিট দাখিল করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর পরদিন তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় আত্মসমর্পণ করেন। একই বছরের ২৪ আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন ঐশী। পরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি নেয়া হয়েছিল দাবি করে ৫ সেপ্টেম্বর স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করেন তিনি। আদালত তা নথিভূক্ত রাখার নির্দেশ দেয়।
[b]ঢাকা, ০৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]