আগামী ৭২ ঘণ্টার মধ্যে মানিকগঞ্জের কালিগঙ্গা নদী দখল করে স্থাপনা নির্মাণ ও ভরাট বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু।

একই সঙ্গে এ নদী ভরাট করে আকিজ পার্টিকেলসের স্থাপনা অপসারণের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদী এলজিআরডি ও পরিবেশ সচিব, মহাপরিচালক ও পরিচালক পরিবেশ অধিদফতর, চেয়ারম্যান বিআইডব্লিউটিএ, মানিকগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে আদেশ দেয়া হয়েছে।

অপরদিকে ১৯৭০ সালের পূর্বের দলিল এবং ভলিউম পাবনা অফিস থেকে সিরাজগঞ্জ জেলায় প্রেরণের জন্য কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে একই বেঞ্চ।

এ সংক্রান্ত আবেদনে বলা হয়েছে, পাবনা জেলা থেকে সিরাজগঞ্জ জেলা পৃথক হওয়ার পর সেখানে রেজিস্ট্রি অফিস স্থানান্তরিত হলেও ১৯৭০ সালের পূর্বের দলিল এবং ভলিউম পাবনা অফিস থেকে সিরাজগঞ্জে প্রেরণ করা হয়নি। এই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট রবিবার এ আদেশ দেন।

কেএ/এসএইচ