অন্যের হয়ে এইচএসসি পরীক্ষা দেয়ার অভিযোগে জেলার হোসেনপুর ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে শাহীন আলম (২০) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
দুপুর ১২টার দিকে হোসেনপুর সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক শাহীন আলমকে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
শাহীন আলম হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের টানসিদলা গ্রামের আসাদ উদ্দিনের ছেলে।
হোসেনপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্রমতে, বুধবার হোসেনপুর ডিগ্রী কলেজ কেন্দ্রে বিজনেস ম্যানেজমেন্ট শাখার অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা ছিল। এ পরীক্ষায় হোসেনপুর ফুলকলি কলেজের শিক্ষার্থী জনৈক রাজনের হয়ে পরীক্ষায় দিচ্ছিল শাহীন আলম। প্রবেশপত্রে নিজের ছবি লাগিয়ে ভূয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষা দিচ্ছিল সে। কেন্দ্র পরিদর্শক খাতা চেক করার সময় তার কাছে রেজিষ্ট্রেশন কার্ড না পাওয়ায় সন্দেহ হয়। পরে জালিয়াতি করে সে পরীক্ষা দিচ্ছে বলে জানতে পেরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
দুরের দিকে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ২ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়।
তানভীর আহমেদ/এসএম





