মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল মামলার শুনানি শুরু হবে আগামী বছরের ১৪ জানুয়ারি।

বুধবার সকাল সোয়া নয়টার দিকে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামি পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন।

মঙ্গলবার বিকালে বুধবারের কার্যতালিকায় ১ নম্বরে রাখে আপিল মামলাটির শুনানি।  

মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে গত বছরের ১১ আগস্ট আপিল বিভাগে আপিল করেন তিনি। গত বছরের ১৭ জুলাই মুজাহিদকে এ মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন বলে মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকাশিত কার্যতালিকায় উল্লেখ রয়েছে। বেঞ্চের অন্য চার বিচারক হলেন- বিচারপতি এস কে সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী (মানিক)।

গত বছরের ১১ আগস্ট মুজাহিদের পক্ষে আপিল বিভাগে আপিল আবেদনটি করেন তার আইনজীবীরা।

ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ১১৫টি যুক্তি নিয়ে আপিল করেন মুজাহিদ। মূল আপিল ৯৫ পৃষ্ঠার, এর সঙ্গে ৩ হাজার ৮০০ পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল করা হয়।

মুজাহিদকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের সাজা বাতিল করে খালাস চেয়ে পুরো রায়ের বিরুদ্ধে এ আপিল করা হয়। ট্রাইব্যুনাল যেসব কারণে সাজা দিয়েছেন, তার আইনগত ও ঘটনাগত ভিত্তি নেই বলেও আপিলে দাবি করেন তিনি।

এএইচ, কেবি