ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আলোচিত ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহিমের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ সেপ্টেম্বর) মুফতি ইব্রাহিমকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ানা নোমান দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার দুপুরে আলোচিত মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। ঢাকা মহানগর ডিবি উত্তরের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মুন্সি আব্দুল লোকমান বাদী হয়ে ডিএমপির মোহাম্মদপুর থানা এই মামলা করেন।

এরআগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে জেড এম রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় প্রতারণার অভিযোগে মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে একটি মামলা করেন।

সম্প্রতি ওয়াজ মাহফিল, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মুফতি কাজী ইব্রাহিম ইসলামী বক্তা দিয়ে আলোচিত হয়েছেন। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।

এমবি