জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালের রায় ন্যায়ভ্রষ্ট রায়। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি।

আজ (বুধবার) নিজামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদন্ডের রায় ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট তাজুল ইসলাম এসব কথা বলেন।

এই জাজমেন্ট ন্যায়ভ্রষ্ট জাজমেন্ট, এটা উচ্চ আদালতে টিকবে না-এমন মন্তব্য করে তাজুল ইসলাম বলেন, তিনি মাওলানা নিজামীর সাথে কথা বলেছেন। তাকে নিজামী বলেছেন, যেসব অভিযোগ আনা হয়েছে তার প্রত্যেকটি মিথ্যা।

মাওলানা নিজামী নেতা-কর্মীদের শান্ত থাকার এবং কোন ধরণের উস্কানির ফাঁদে পা না দিতেও অনুরোধ করেছেন বলেও জানান তাজুল ইসলাম।

মাওলানা নিজামী এই রায়ের বিরুদ্ধে আইনী লড়াই চালিয়ে যাবার কথা বলেছেন বলেও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম।

এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার হয়নি-এমন দাবি করে নিজামীর আইনজীবী তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল তার জুরিসডিকশানের বাইরে গিয়ে অনেক বিষয়কে টেনে এনে রায় দিয়েছেন।

তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল রায়ে বলেছে জনগণের প্রত্যাশা পূরণের জন্য রায় দিয়েছেন। এটা ট্রাইব্যুনালের ভাষা হতে পারে না। ট্রাইব্যুনাল রাজণীতির ভাষায় কথা বলতে পারেন না।

তিনি বলেন, আদালতের শুনানিতে এমন কোন স্বাক্ষী ছিল না যিনি বলেছেন, নিজামীকে হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত দেখেছেন।

তিনি বলেন, আমরা উচ্চ আদালতে যাব। এই রায়ে আমরা অত্যন্ত সংক্ষুব্ধ।

কেবি, কেএ