বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোছাদ্দেক আলী ফালু ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে অর্থ আত্মসাতের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে কমিশন এ অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করেছে।

দুদক সূত্রে জানা গেছে, মোছাদ্দেক আলী ফালু ও নুরুল ইসলাম মনির বিরুদ্ধে গুলশানের প্লট (রোড নং-৪১, প্লট নং-৪৩, গুলশান মডেল টাউন) অবৈধভাবে দখল ও রাজউকের সহায়তায় তা বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ ছিল।

২০১০ সালে এ অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। দীর্ঘ চার বছর অনুসন্ধান শেষে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় কমিশন এ অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করেছে।

দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহীম এ অভিযোগ অনুসন্ধান করেছেন। মোছাদ্দেক আলী ফালু কয়েকটি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।

কেএইচ