পবিত্র ঈদ উপলক্ষে রাজধানীতে জাল টাকা উৎপাদন ও বিপননের সাথে জড়িত এমন ১৫টি চক্র সাক্রিয় রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের উপ-কমিশনার (পূর্ব) মো. মাহবুব আলম।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে জাল টাকা চক্রের সাত সদস্যকে গ্রেফতারের ব্যাপারে এক সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর গুলিস্তানের নাট্যমঞ্চ এলাকা থেকে জাল টাকা লেনদেনের সময় ঐ ৭ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ লক্ষ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আলাউদ্দিন, মো. ইউনুস মিয়া, মো. আলতাফ হোসেন, মো. রঞ্জু, মো. বাদল হোসেন, মো. মিল্টন শেখ এবং ইউসুফ আলী হাওলাদার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিসি বলেন, তারা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন মার্কেটে জাল টাকা লেনদেন করাই তাদের পেশা। তারা দীর্ঘ দিন এ কাজের সঙ্গে জড়িত।

মাহবুব আলম বলেন, বিভিন্ন সময় জাল টাকা চক্রের সদস্যদের গ্রেফতার করে জিজ্ঞাসাবদে জানাযায় ঢাকা মহানগরীতে প্রায় ১৫টি জাল টাকা চক্র কাজ করছে। যারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরী করে আসছে।

এদিকে ডিবির অপর এক অভিযানে ৩২ স্বর্ণ ও ৮ ভরি রুপাসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে। তার নাম মো. রফিকুল ইসলাম।

ডিসি মাহবুব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গেন্ডারিয়ার সতীশ রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ৩২ স্বর্ণ ও ৮ ভরি রুপাসহ একটি চাপাতি, একটি চাকু, একটি হাতুরি, একটি হেক্সা ব্লেড, একটি পাইপ রেঞ্জ, ৫৯ টি স্বর্ণের চেইন, ৪টি স্বর্ণের চুরি, ২টি স্বর্ণের হার, ৪টি ব্রেসলেট, ১৭টি স্বর্ণের আংটি, ৪টি নাকফুল, ২৩টি কানের দুল এবং ১৩টি লকেট উদ্ধার করা হয়।

এমআর/এআই