৭১'র মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহানের বিরুদ্ধে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষের) দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা আলহাজ্ব তহুরুল আলম মোল্লার জেরা শেষ হয়েছে। মামলাটির পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৭ এপ্রিল নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
সাক্ষী আলহাজ্ব তহুরুল আলম মোল্লাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এ সময় প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
গত ৭ এপ্রিল আব্দুস সুবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এটিএম শহিদুজ্জামান নাসিম। গত ২ এপ্রিল জামায়াত নেতা সুবহানের বিরুদ্ধে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করেন প্রসিকিউশন।  
২৭ মার্চ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে মামলাটি ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করেন।
গত বছরের ৩১ ডিসেম্বর আটক মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে ৯ ধরণের মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল-১। ওই বছরের ১৯ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে মাওলানা আবদুস সুবহানকে আটক করা হয়।
[b]ঢাকা, কেএ, এপ্রিল (টাইমনিউজ.বিডি) // জেএ[/b]