মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য করা আবেদনের ওপর রোববার শুনানি হবে।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চের কার্যতালিকার ১৯ নম্বরে আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে।
এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে ৩ এপ্রিল আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। ওইদিন নিজামীর আইনজীবী এসএম শাহজাহান রিভিউ আবেদনের শুনানি মুলতবির আরজি জানান। পরে আদালত আদেশে বলেন, নট দিস উইক (এ সপ্তাহে নয়)।
গত ২৯ মার্চ নিজামীর আইনজীবীরা সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় রায় পুনর্বিবেচনার আবেদন জমা দেন। এরপর বিষয়টি দ্রুত শুনানির জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বুধবার চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ওই আদেশ অনুসারে এটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় আসে।
নিজামীর রিভিউ না টিকলে সর্বশেষ আইনি সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণভিক্ষা চাইতে পারবেন। প্রাণভিক্ষা নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে।
এর আগে বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনালের এই রায় বাতিল ও তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানিয়ে ওই বছরের ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। এরপর গত ৬ জানুয়ারি আপিলেও নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
ওএফ





